মালালার সময় এখন নেটফ্লিক্স দেখা, পড়া ও ঘুমানোর

২০ জুন, ২০২০ ০২:০১  
অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন নোবেলজয়ী ও নারী শিক্ষায় অবদান রাখা মালালা ইউসুফজাই। এ বিষয়ে টুইটারে আনন্দঘন মুহুর্ত প্রকাশ করেছেন তিনি। খবর ম্যাশেবল। স্নাতক হওয়ার উপলক্ষ উদযাপন করতে মালালা ঘরোয়াভাবে কেক কেটেছেন। সেই ছবি পোস্ট করে লিখেছেন, দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর ডিগ্রি শেষ করলাম। এই আনন্দ প্রকাশ করা কঠিন। সামনে কী আছে জানি না। এই মুহূর্তে নেটফ্লিক্স, পড়া এবং ঘুম নিয়েই আছি। ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে। পরে তিনি নোবেল শান্তি পুরস্কার জয় করেন। পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটাই প্রথম। জঙ্গি হামলা দমাতে পারেনি আত্মপ্রত্যয়ী মালালাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অবশেষে এখন তিনি অক্সফোর্ড গ্রাজুয়েট। ডিবিটেক/বিএমটি